রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কপের খসড়ায় জীবাশ্ম জ্বালানি প্রসঙ্গ বাদ, তীব্র ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি বাদ পড়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্মেলনের সর্বশেষ খসড়া চুক্তি থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর সুস্পষ্ট অঙ্গীকার ও রোডম্যাপ বাদ দেওয়ায় ২০টিরও বেশি দেশ একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সম্মেলনের আলোচনায় অংশ নেওয়া দেশগুলো বৈশ্বিক উষ্ণতা রোধে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে কঠোর ও কার্যকর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আজ শনিবার সম্মেলনটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে। পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু অধিকারকর্মীরাও খসড়াটির সমালোচনা করেছেন।

এর আগে বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়াটিতে আগের অনেক প্রস্তাবই রাখা হয়নি। এতে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করেছে। পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তারা এই চুক্তি মেনে নেবেন না। ফ্রান্স ও আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস বর্তমান খসড়াটিকে দুর্বল উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনের আয়োজক তুরস্ক ও আলোচনার সহসভাপতি অস্ট্রেলিয়া অবশ্য ভিন্নমত পোষণ করেছে। তাদের মতে, নতুন প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে আগের সম্মেলনে নেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এদিকে জলবায়ু অর্থায়ন নিয়েও তৈরি হয়েছে সংকট। ঝুঁকিতে থাকা দেশগুলোর সক্ষমতা বাড়াতে ১২০ বিলিয়ন ডলারের যে তহবিল নিয়ে আলোচনা চলছিল, খসড়া থেকে তা বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর জন্য আর্থিক সহায়তার বিষয়টি আবারও অনিশ্চয়তায় পড়েছে। কিন্তু বয়কট করলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি জানানোর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চটি হারিয়ে যাবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের প্রতিশ্রুতি নিয়েও দেখা দিয়েছে অচলাবস্থা। অতএব আমাদের এ প্রক্রিয়া থেকে সরে যাওয়া যাবে না।

সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও জলবায়ু অধিকারকর্মী সোহানুর রহমান মনে করেন, সম্মেলন বর্জন করা কোনো সমাধান নয়। ইয়ুথনেট গ্লোবালের এই নির্বাহী সমন্বয়ক জানান, আন্তর্জাতিক এই মঞ্চ থেকেই দায়ী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি বলেন, গ্রেটা থুনবার্গ বিভিন্ন সময় কপ বর্জন করলেও শেষ পর্যন্ত এই প্রক্রিয়াতেই যুক্ত থেকে প্রতিবাদ জানিয়েছেন। কপের ভেন্যুতে বসেই উন্নত রাষ্ট্রগুলোকে পৃথিবী ধ্বংসের দায় নিতে হবে বলে দাবি করেন তিনি। কপ৩১-এর ভেন্যুতে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোহান বলেন, কপ কার্যকর ভূমিকা রাখতে পারছে নাÑএমন প্রশ্ন থেকে সম্মেলন বর্জনের আলোচনা সামনে এসেছে। কপের ভেন্যুতে এসেই বলতে হবে, পৃথিবী মরে যাচ্ছে।

সোহানুর রহমানের অভিযোগ, ইউরোপ, আমেরিকা, ভারত, চীন ও সৌদি আরবের মতো রাষ্ট্রগুলো উন্নয়নের দোহাই দিয়ে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি উপেক্ষা করছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশসহ উন্নয়নশীল রাষ্ট্রগুলো। এছাড়া জাতিসংঘের জলবায়ু আলোচনায় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার অভাবকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন তিনি।

পরিস্থিতি সামলাতে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, প্রকাশিত খসড়াটি চূড়ান্ত নয়। প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য তৈরির লক্ষ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনে তা শনিবার পর্যন্ত বাড়ানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category