
গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনা আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরদিন ২০ নভেম্বর শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মো. রবিন আহমেদকে (২২) গ্রেপ্তার করা হয়। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।