
গণহত্যাকারী ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণে ভুক্তভোগী শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
হেফাজত নেতারা দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দলটির নেতাকর্মীদের ভারতে পালানো এবং সেখানে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে ভূমিকা রাখা তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেন, দিল্লির সহায়তায় পরাজিত শক্তি পুনরায় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণঅভ্যুত্থান এবং মোদিবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তরা আজও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও ফ্যাসিস্ট এই দলকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ৯৬ সালে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা নিজেদের শোধরায়নি। টানা পনেরো বছর রাষ্ট্রক্ষমতা দখলে রেখে গুম, খুন ও একের পর এক গণহত্যার সঙ্গে জড়িত দলটির রাজনৈতিক লেজিটিমেসি বা বৈধতা থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী সন্ত্রাস ও ফ্যাসিবাদ নির্মূল করা জরুরি। এ লক্ষ্যে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজত নেতৃবৃন্দ।
শেখ হাসিনার বিষয়ে তারা বলেন, বহু চেষ্টা ও তদবির সত্ত্বেও কোনো দেশ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই নেতাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্রই এমন ঘৃণ্য ব্যক্তিকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে চায় না। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে কলঙ্কিত সাবেক নেতা এবং দ্য ইকোনোমিস্ট তাঁর শাসনকালকে নিকৃষ্ট শাসন হিসেবে চিহ্নিত করেছে। ইতিহাস নিজেই দাম্ভিক ও মাফিয়া শাসকদের পরিণতির স্বাক্ষর লিখে দিচ্ছে বলে মন্তব্য করেন তারা।