
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল বিকেলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে হস্তক্ষেপ করতে হয়।
ঘটনার সূত্রপাত ঘটে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্নের মাধ্যমে। সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর হাসনাত আবদুল্লাহ অভিযোগ তোলেন যে, দেশব্যাপী সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি এবং স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এ সময় তিনি বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম উদ্ধৃত করে অভিযোগ করেন যে, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়াও, সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন রাখেন, নিয়োগ প্রক্রিয়াটি সুপরিকল্পিত ছিল কি না এবং এটি পুনরায় পর্যালোচনা করা হবে কি না। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে আবেদন যাচাই-বাছাই করা হয়। জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রী আরও দাবি করেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এবং সকলের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কারো একক স্বাক্ষরে কোনো নিয়োগ দেওয়া হয়নি। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়।
মন্ত্রীর বক্তব্যের এক পর্যায়ে সংসদে উপস্থিত ১১ দলীয় জোটের সদস্যরা হইচই শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মন্ত্রী মন্তব্য করেন যে, নতুন মন্ত্রী হিসেবে বক্তব্য দেওয়ার সময় কথা বললে তার অসুবিধা হয় এবং কোনো বিষয়ে অমত থাকলে পুনরায় প্রশ্ন করার সুযোগ রয়েছে। হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে সকলের কথা বলার অধিকার থাকলেও এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।
পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যের অভিযোগটি ভিত্তিহীন এবং অর্থের বিনিময়ের দাবিটি অসত্য। তিনি এমন অভিযোগের প্রমাণ থাকলে তা মন্ত্রীর সঙ্গে আলোচনার বা লিখিতভাবে দেওয়ার অনুরোধ জানান। প্রমাণ না থাকলে এই অসত্য বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আবেদন করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া ডিলারদের বাতিল করে নতুনদের সুযোগ দেওয়ার বিষয়ে সংসদে ঐকমত্য ছিল।
এদিকে সারের ভর্তুকি প্রসঙ্গে কৃষিমন্ত্রী সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সার বাবদ ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি নির্ধারণ করেছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করেছে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দেশব্যাপী নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।