
ভোলার চরফ্যাশন উপজেলার ৩নং চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে জেলেদের চালের তালিকা ও স্লিপ বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. অহিদুর রহমানকে লাঞ্ছিত ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ বিষয়ে একপক্ষ মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনলেও, অভিযুক্তরা উল্টো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও কাজের অসহযোগিতার অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগী সচিব অহিদুর রহমানের ভাষ্যমতে, সরকারি বিশেষ কার্যক্রম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, জন্মনিবন্ধন ও জেলেদের তালিকা তৈরির কাজের জন্য তিনি ছুটির দিনেও ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ার অনুরোধে কার্যালয়ে উপস্থিত ছিলেন। কাজ চলাকালীন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী, আরেক প্রার্থী হেমায়াত উদ্দিন তুহিন শিকদারের ভাই মো. আল আমিনসহ ১০-১৫ জনের একটি দল সেখানে ঢুকে জেলেদের চালের স্লিপ নিজেদের হস্তগত করার দাবি জানায়। সচিব জানান, যেহেতু ওই তালিকা ও স্লিপ বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা, তাই তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে তাদের জানিয়ে দেন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
অহিদুর রহমানের অভিযোগ, এ কথা বলার পরপরই তারেক আজিজ ও আল আমিন সিকদার উত্তেজিত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল হাতে নিয়ে তাকে মারধরের জন্য তেড়ে আসেন এবং আল আমিনও আক্রমণের চেষ্টা করেন। এ সময় জাকির মিয়াজি নামের এক ব্যক্তি তার হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিয়ে মেঝেতে ছুড়ে ফেলেন। সেই সাথে দাবি অনুযায়ী স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় তাকে ফাঁসানো এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে বিপর্যস্ত সচিবকে উপস্থিত অন্যরা সান্ত্বনা দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পরামর্শ দেন। এ সময় জাকির মিয়াজি নামে এক ব্যক্তি তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী পাল্টা দাবি করেন যে, সচিব জনগণের ফোন ধরেন না এবং বিভিন্ন তরুণদের নিয়ে ইউনিয়ন পরিষদে আড্ডা দেন। তিনি বলেন, পূর্বের চাল বিতরণের বিষয়ে অস্পষ্টতা এবং নানা অনিয়মের কারণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে তিনি কোনো মারধর বা হুমকির সঙ্গে জড়িত নন। একই সুরে ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি পরিচয় দিয়ে আল আমিন সিকদার দাবি করেন, সচিব নিয়মিত অফিস না করায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাদের দাবি, জেলে কার্ড বিতরণ নিয়ে আলোচনার সময় কেবল উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, এর বেশি কিছু নয়। তার অভিযোগ, এ কথার পর তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদারের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এর আগের বার তিনবারের ভিতরে দুইবার চাল বিতরণ করেছে, আরেকবার এটা কী করছে—আমরা কিছুই জানি না।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, মাদ্রাজ ইউনিয়নের সচিব অহিদুর রহমান তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তিনি এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, চাল যেহেতু প্রকৃত জেলেরা পাবেন, তাই এটি সচিবের নিজের বাড়িতে নেওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয় পর্যায়ে তালিকা নিয়ে এই বিরোধের জেরে সৃষ্ট উত্তেজনা নিরসনে প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। চাল তো ওই এলাকার জেলেরাই পাবে, সচিব তো নিজের বাড়িতে নেবে না।