সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ইরানে নতুন অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছেন বেনিয়ামিন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করাকে অনিবার্য বলে মনে করছেন। তিনি এ বিষয়টি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিমধ্যে অবহিত করেছেন। তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন এই সামরিক অভিযান শুরুর লক্ষ্যে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

ইসরাইলের চ্যানেল ১৩ ও দ্য টাইমস অব ইসরাইলের বরাতে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি বৈঠকে নেতানিয়াহু নতুন সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং তা অনুমোদন করেছেন। এখন কেবল অভিযান শুরুর নির্দিষ্ট সময়ের অপেক্ষা।

উল্লেখ্য যে, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মতে, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতেই নেতানিয়াহু যুদ্ধের পরিধি বাড়াতে চাইছেন, যদিও তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। এদিকে, নেতানিয়াহু অভিযানের জন্য মার্কিন সমর্থন চাইলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছেন। ইরানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ট্রাম্প তাড়াহুড়ো করতে রাজি নন।

অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বছরের শুরুর দিকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রয়টার্সকে তিনি বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের ভাষ্যমতে, ইরানে বড় ধরনের নতুন হামলার সম্ভাবনা যাচাই করছেন ট্রাম্প। একই সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নও খতিয়ে দেখা হচ্ছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কার কথা বলা হয়েছে।

সামরিক পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে হামলার বিভিন্ন বিকল্প পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আঘাত না করে ইরানে সফল অভিযান চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী, তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা হয়েছে। তবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখাই ট্রাম্পের প্রধান লক্ষ্য।

ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধ বা কংগ্রেসের পূর্বানুমতি ছাড়া হামলা না চালানোর প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়ে গেছে। ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইসরাইলের সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাকে আরও ঘনীভূত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category