
ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। তিনি পরিষ্কারভাবে জানতে চেয়েছেন, সামরিক অভিযানে এআই ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গিলিব্র্যান্ডের মতে, সামরিক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার মতো বিষয়ে এআই কার্যকর ভূমিকা রাখলেও, লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে এর ভুল সিদ্ধান্ত অত্যন্ত ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তাই এআই-সক্ষম অস্ত্রব্যবস্থার ওপর মানুষের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি মনে করেন।
সিনেটর গিলিব্র্যান্ড এই পুরো বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনার জন্য মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী এবং গোয়েন্দাবিষয়ক কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত সামরিক লক্ষ্য অর্জনের তাড়নায় এআই হয়তো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও সামরিক ঘাঁটির পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছে। এতে বেসামরিক মানুষের, বিশেষ করে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি সতর্ক করে বলেন, হয়তো কোনো পুরনো তথ্য ব্যবহার করা হয়েছে অথবা মানুষের নিয়ন্ত্রণহীন এআই ভুল সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তিনি এআইয়ের ভুল ফলাফল বা ‘হ্যালুসিনেশন’ নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষ হত্যার মতো স্পর্শকাতর বিষয়ে এআইয়ের কোনো ভুল সিদ্ধান্ত বা ভ্রম মেনে নেওয়া যায় না। সেখানে হয়তো মানুষের নজরদারি ছিল না, কিংবা তারা ১০ বছর আগের তথ্য ব্যবহার করেছে।’। তার ভাষায়, ‘মানুষকে হত্যার বিষয় যখন আসে, তখন আপনি নিশ্চয়ই এআইয়ের হ্যালুসিনেশন চান না।’।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের বড় একটি অংশ ছিল স্কুলছাত্রী। যদিও এই হামলায় এআই ব্যবহারের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিনেটর গিলিব্র্যান্ড। তিনি বলেছেন, ‘এ ধরনের হামলায় এআই সম্পৃক্ত ছিল বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আমাদের হাতে নেই। তবে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হওয়া জরুরি।’ তিনি বলেন, ‘দ্রুত কাজ শেষ করার তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা আমি চাই না।
অন্যদিকে, ওই হামলার দায়ভার নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, এই হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্রের দায় থাকতে পারে। ঠিক এই প্রেক্ষাপটেই সামরিক অভিযানে এআইয়ের ব্যবহারের নির্ভরযোগ্যতা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে সিনেটর গিলিব্র্যান্ড এই জোরালো প্রশ্ন উত্থাপন করেছেন। তার মতে, প্রযুক্তির অপব্যবহার রোধে সামরিক নীতিমালা ও নজরদারি ব্যবস্থা আরও আধুনিক ও কঠোর হওয়া প্রয়োজন।