সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই হামলায় ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পিআইএফ টাওয়ারটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। হামলার ঘটনার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, টাওয়ার এবং এর আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। এর আগে রাজধানীতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সৌদি জোট জানায় যে তারা রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্টভাবে উল্লেখ করেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণের পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জঘন্য হামলার নিন্দা জানাতে বলেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, তার বাহিনী রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। পরবর্তীতে ইয়েমেন সীমান্তের দক্ষিণাঞ্চলে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার তথ্যও নিশ্চিত করেন তিনি। এছাড়া রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশজুড়ে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করেছিল। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সকালে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত অবস্থানে পাল্টা হামলা চালায়।

ইরান সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে। এর আগে ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবন এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করেছিল তারা। এছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। অন্যদিকে, বৃহস্পতিবার বিভিন্ন রণাঙ্গনে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।

চলমান এই সংঘাত ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। ইউনিসেফের তথ্যমতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ অন্তত ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে শুরু হওয়া এই সংঘাতের জেরে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category