সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছিল বলে প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি বৃহস্পতিবার এই ঐতিহাসিক মামলার রায় পড়া শুরু করেন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের পাশাপাশি রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগে সরাসরি জড়িত ছিল।

বিচারক ইওয়াসাওয়া ইউজি জানান, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের সময় সংঘটিত সহিংসতার সাক্ষ্যপ্রমাণ আদালত পর্যালোচনা করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশটির নিরাপত্তা বাহিনী পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, পরিকল্পিতভাবে বাড়িঘর জ্বালিয়ে দেয়া এবং বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর আচরণ করেছে। রোহিঙ্গাদের একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করে বিচারক জানান, নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয় থাকা সত্ত্বেও কয়েক দশক ধরে তারা মিয়ানমারে বৈষম্যের শিকার। তারা নিজেদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়।

আদালতের নথিতে উঠে এসেছে যে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা সত্ত্বেও রোহিঙ্গারা বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের কারণে নিজ দেশে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছিল। বিশেষ করে সামরিক বাহিনী সমর্থিত বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দেয়া হয়। এছাড়া রাখাইনে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং পাল্টা গ্রামে অগ্নিসংযোগের মতো ঘটনাবলীও আদালত তার পর্যবেক্ষণে চিহ্নিত করেছে। তবে আরসার হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর গৃহীত পদক্ষেপগুলো ছিল অমানবিক ও নৃশংস। তাদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়ে অত্যন্ত অরক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে।

রায়ে আন্তর্জাতিক বিচার আদালত আরও স্পষ্ট করেছে যে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় সঠিক তদন্ত চালাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এমনকি প্রয়োজনীয় তথ্য সরবরাহ বা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছিল। মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি আদালত রায়ের সময় বিবেচনায় নিয়েছে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে এই মামলাটি দায়ের করেছিল, যাতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সমর্থন দিয়েছিল।

২০১৭ সালের সেই সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। তবে শুরু থেকেই মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং এটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দাবি করেছে। আইসিজে-এর এই রায় মূলত রাষ্ট্রের আন্তর্জাতিক দায়বদ্ধতা নির্ধারণ করে, যা রোহিঙ্গা সংকটের সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এটি সরাসরি কোনো সামরিক কর্মকর্তার ব্যক্তিগত ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া নয়। রায়ের পর্যবেক্ষণে ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর আগের ঘটনাগুলোর কথাও তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category