সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

বিশ্বের পারমাণবিক অস্ত্র কমানোর বার্তা নিয়ে আগামী সপ্তাহে চীনে তিন প্রভাবশালী বিশ্বনেতার মধ্যে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মুখোমুখি বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আয়োজিত ২১টি সদস্যদেশের দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সফরসূচির শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের যে ঝুঁকিপূর্ণ বিস্তার বাড়ছে, তা রোধের বিষয়টি এই আলোচনার প্রধান অগ্রাধিকার পাবে বলে তিনি উল্লেখ করেন। সেখানে এপেকের ২১ সদস্যদেশের দুই দিনের সম্মেলনে অংশ নেবেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পারমাণবিক শক্তিতে শীর্ষস্থানীয় এই দেশগুলোর শীর্ষ বৈঠকে বর্তমান ইরান পরিস্থিতি স্থান পেলেও ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় আসার সম্ভাবনা কম। তবে এই ত্রিপক্ষীয় আলোচনার বিষয়ে এখন পর্যন্ত মস্কো বা বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, বার্তা সংস্থা এপি ও রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় ধরনের চুক্তি বা আনুষ্ঠানিক সমঝোতা অর্জনের আশা করা হচ্ছে না।

সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার রাতে ট্রাম্প শেনজেনে পৌঁছাবেন। সম্মেলনের পাশাপাশি বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের এটি হতে যাচ্ছে চতুর্থ সাক্ষাৎ। এর আগে মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। হোয়াইট হাউস জানিয়েছে, মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা এবং মার্কিন জনগণের জন্য কৌশলগত সাফল্য নিশ্চিত করতেই ট্রাম্পের এই এশিয়া সফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category