সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ক এক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কে পৌঁছেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট এরদোগানের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ। প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের এই বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলনই হলো বর্তমান দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাত্রা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তুরস্কের পক্ষ থেকে তার প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ এবং এতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি না হলেও বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী ঢাকা। এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে উভয় দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান রোহিঙ্গা ইস্যুর শুনানির পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের সক্রিয় ভূমিকা রাখার বিষয়টিও আলোচনায় উঠে আসে। জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং অভিযোজন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান তুলে ধরছে। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট এবং তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category