রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিমান্ডের চার দিনে তিনি ক্ষমতাচ্যুত সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন চাঞ্চল্যকর ছক তৈরির তথ্য দিয়েছেন। গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে আটকের পর ১ নভেম্বর তাকে ঢাকার পল্লবী থানায় দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। তার সাম্প্রতিক তৎপরতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সূত্র জানিয়েছে, খন্দকার আব্দুল হাফিজ শেখ হাসিনার একান্ত অনুগত হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর তাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর পথ তৈরি করতে তারা তৎপর ছিলেন। এর অংশ হিসেবে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি, শ্রমিক আন্দোলনকে উস্কে দেয়া এবং প্রতিবেশী দেশের সামরিকসহ বিভিন্ন মহলের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়েছেন তিনি।

গোয়েন্দারা দাবি করছেন, হাফিজ ভারতের তিন হাজারের বেশি পৃথক কন্টাক্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেন। এর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য, সামরিক এবং রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। প্রাথমিকভাবে তিনি সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্ররোচনা দেয়ার পরিকল্পনা করেছিলেন। তাতে ব্যর্থ হলে তিনি ভারতকে সামরিক হস্তক্ষেপের জন্য পরামর্শ দিয়েছিলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ তৈরি, আন্দোলনকারীদের ব্যবহার এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকারের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনাও ছিল তাদের। অগ্নিসংযোগ ও সংঘর্ষের মাধ্যমে অস্থিরতা তৈরির পেছনে অর্থের জোগান ও প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এমনকি অগ্নিসংযোগ, সংঘর্ষ ও শ্রমিকের প্রাণহানির মতো ঘটনা ঘটিয়ে সরকারের ওপর চাপ তৈরির উদ্দেশ্যে অর্থের জোগান ও প্রভাব বিস্তারও তার নেটওয়ার্ক দ্বারা সংঘটিত হতে পারে।

তার রাজনৈতিক ও সামরিক সম্পৃক্ততার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই যোগদানের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।

রিমান্ড আবেদনে পুলিশ জানিয়েছে, আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট গুলশান আরাসহ অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করতেন তিনি। এর মাধ্যমে তহবিল সংগ্রহ এবং সহিংসতা উস্কে দিতে ডিজিটাল কনটেন্ট প্রচার করার তথ্য পাওয়া গেছে। এছাড়াও ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অবৈধ অর্থায়নের সঙ্গেও তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category