
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, যাবতীয় তথ্য যাচাই-বাছাই সম্পন্ন করে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। গুমের অভিযোগগুলোর কিছু কৌশলগত তদন্ত বর্তমানে চলমান রয়েছে এবং সবকিছু নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী জুলাই মাস আসার আগেই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ট্রাইব্যুনাল। এর আগে বুধবার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিশাল সংখ্যক ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের জন্য বর্তমানে সচল থাকা দুইটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য অবিলম্বে আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।