সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ৩১’-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে যে ভূমিকা রাখছেন এবং তার যে গণতান্ত্রিক ম্যান্ডেট রয়েছে, তা বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংস্থার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া ও পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, মলদোভার প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সিরিয়ার পুনর্গঠন, দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে সিরিয়া কর্তৃপক্ষ। এছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক বৈঠক হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেছেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন ও ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে পাশে পেতে চায় বাংলাদেশ, কারণ এই সংকটের টেকসই বিদায়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্রচেষ্টার সঙ্গে একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। হুমায়ুন কবির উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষা করে মুসলিম বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যেকোনো সুযোগের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। মুসলিম বিশ্বেও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category