
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে পাঁচটি ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী এই পাইপলাইনের ওপর পৃথক সামরিক অভিযান চালিয়েছে। তিনি দাবি করেন, হামলাগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও সরাসরি।
সারির বর্ণনা অনুযায়ী, প্রথম দফায় তিনটি ড্রোন দিয়ে পাইপলাইনের নবম পাম্পিং স্টেশন এবং দ্বিতীয় দফায় দুটি ড্রোন ব্যবহার করে অষ্টম পাম্পিং স্টেশনে আঘাত হানা হয়। চলতি মাসে একাধিকবার সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ পাইপলাইনে হামলার দাবি জানিয়েছে হুতিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান সংঘাতের জেরেই এসব ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরব বর্তমানে এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরবের অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।