
পুলিশ বাহিনীর ভেতরে থাকা কিছু সদস্যকে ঘিরে তৈরি হয়েছে তীব্র সন্দেহ ও অবিশ্বাস। বাহিনীটির ভেতরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের সাথে গোপন যোগাযোগসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আসা তথ্যানুযায়ী, এসব সদস্য সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা এবং তা কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তাদের ইন্ধন থাকার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পলাতক নেতারা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নাশকতার ছক কষছেন বলেও অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানির ঘটনা সামনে আসার পর পুরো বাহিনীতে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। সর্বশেষ এই অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে, গত ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের বড় একটি অংশকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী অনেক কর্মকর্তা বর্তমানে বিএনপি সরকারের অনুগত সেজে ভালো পদ বাগিয়ে নিলেও গোপনে সাবেক শাসকের নেতাদের সাথে যোগাযোগ বজায় রাখছেন। তথ্যপ্রমাণ পাওয়ার পর ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। বাহিনীর নীতিনির্ধারণী পর্যায় থেকে সন্দেহভাজনদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কনস্টেবল থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের অতীত কার্যক্রম ও বর্তমান গতিবিধি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। বাহিনীর ভেতরে কে কাকে বিশ্বাস করবেন, তা নিয়ে এক ধরনের অস্থিরতা কাজ করছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকেই এসব কর্মকর্তার মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, জ্বালাও-পোড়াও এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগান ও উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে কৌশলী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে সরাসরি তথ্যপ্রমাণ সংগ্রহ করা কঠিন হলেও গোয়েন্দারা মোবাইল ফোন ফরেনসিক ও ব্যক্তিগত যোগাযোগ পর্যালোচনার মাধ্যমে সরকারবিরোধী সম্পৃক্ততার প্রমাণ পাচ্ছেন।
বর্তমানে সারা দেশে বিশেষ নজরদারিতে থাকা প্রায় ২২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে গোপনীয় যোগাযোগের অভিযোগে আরও কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর প্রথমে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়। এসপি জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের পর এই নজরদারি প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, নিয়োগের ক্ষেত্রেও ওই সময় দলীয় সুপারিশ ও রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছিল। অনেক সদস্যের পরিবারের সাথে আওয়ামী লীগের সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য মিলেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এসব পুলিশ কর্মকর্তাকে ব্যবহার করে মাঠ পর্যায়ে নাশকতার চেষ্টা করছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন ওই আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন। পলাতক এসব কর্মকর্তাদের সাথে বর্তমানে দায়িত্বরত কিছু সদস্যের যোগাযোগের প্রমাণ পাওয়ার পর তাদের একটি তালিকাও তৈরি করা হয়েছে।