সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন বা কপ-৩১-এ যোগ দিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে তুরস্কের অবিচল সংহতির জন্য দেশটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।

দুই নেতার আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি প্রাধান্য পায়। বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া খনিজ সম্পদ খাতে দুই দেশের অংশীদারত্ব ও সহযোগিতার নতুন পথ খোঁজার বিষয়েও আলোচনা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদার করা জরুরি। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করার জন্য তুরস্ক সরকারকে অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছিল, সেই আলোচনার অগ্রগতি নিয়েও দুই নেতা সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category