
ইসরাইলের ২৬তম নেসেটের প্রথম অধিবেশনের শুরুতেই বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার পার্লামেন্টের প্রথম দিনেই বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকারের পূর্ববর্তী মেয়াদে নেওয়া বিতর্কিত আইন ও নীতিগুলো বাতিলের লক্ষ্যে একাধিক বিল উত্থাপন করেছে। এই উদ্যোগের মাধ্যমে নেতানিয়াহু প্রশাসনের বিচার বিভাগীয় সংস্কারসহ বিতর্কিত বিভিন্ন আইন পরিবর্তনের প্রক্রিয়া শুরু হলো। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়।
আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে বেশ কিছু বিল জমা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার ঘটনা তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশন গঠন। বিরোধী দলগুলোর অভিযোগ, নিরাপত্তার ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু এই কমিশন গঠনে বাধা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইনগুলো বাতিল করাও আইজেনকোট জোটের অন্যতম প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি।
প্রস্তাবিত বিলগুলোর মধ্যে আরও রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার নিয়ম পরিবর্তন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পুনর্গঠন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন বাতিল। এ ছাড়া ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি মামলার আসামি বা অভিযুক্ত ব্যক্তিদের সরকারি উচ্চপদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে ইয়াশার দলের পক্ষ থেকে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ পুনরায় আইনমন্ত্রীর হাত থেকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে। তবে সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এ সংস্কার প্রয়োজন।
সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের প্রস্তাব এসেছে। এর মধ্যে শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের আইনি স্বীকৃতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সমতার অধিকার রক্ষায় এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই আইন অনুযায়ী, মন্ত্রীরা যেকোনো সময় অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি পরামর্শ প্রত্যাখ্যান করতে পারবেন এবং এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের একক নিয়ন্ত্রণ বাড়বে। সমালোচকদের মতে, এই পরিবর্তনের ফলে ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
গত বছরের আইনগুলোর বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই ২০২৪ সালে আদালত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করে। সরকারের এসব পদক্ষেপের বিরুদ্ধে অতীতে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, যা নতুন পার্লামেন্টেও উত্তপ্ত বিতর্কের জন্ম দিচ্ছে।