
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনাকে স্পষ্টভাবে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। সংগঠনটির ভাষ্যমতে, এই হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নৈতিকতার চরম লঙ্ঘন। নাসের হাসপাতালে এটি ইসরাইলি সামরিক বাহিনীর সপ্তম হামলার ঘটনা।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানিয়েছে, তথাকথিত পিস কাউন্সিলের নীরবতা ইসরাইলের এই অব্যাহত আগ্রাসনের পথ প্রশস্ত করছে। সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইসরাইলি দখলদারত্বকে রাজনৈতিক ও সামরিকভাবে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। তাদের মতে, দায়মুক্তির এই সংস্কৃতি দখলদার শক্তিকে ফিলিস্তিনিদের ওপর হামলা বৃদ্ধিতে উৎসাহিত করছে।
ফিলিস্তিনিদের ওপর চলমান এই হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ। অবিলম্বে এই পরিস্থিতির অবসানে কঠোর ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছে তারা।