
দেশে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৯ জন এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সময়কালে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৫ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১ হাজার ২১৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২০ জন উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৭, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সামগ্রিক হিসাবেও ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১ লাখ ৩ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ৬৩৫, বরিশালে ২৬ হাজার ৫৮৯, সিলেটে ২২ হাজার ৩২৬, খুলনায় ১৭ হাজার ৬৫, ময়মনসিংহে ১৩ হাজার ২০৭, রাজশাহীতে ১২ হাজার ১১৩ এবং রংপুরে ৪ হাজার ৮২৪ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন।