সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি জানান, দণ্ডিত এবং বর্তমানে দেশের বাইরে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি। যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে পলাতক অবস্থায় তাকে সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার সুযোগ নেই। এটি করলে বিচারপ্রক্রিয়াকে উপহাস করা হবে। মামলার সময় বিচার এড়িয়ে যাওয়া এবং রায় প্রকাশের পর ৩০ দিনের মধ্যে আপিল না করায় এখন শেখ হাসিনার জন্য আর কোনো আইনগত সুযোগ অবশিষ্ট নেই বলে তিনি উল্লেখ করেন।

লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামক একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, পররাষ্ট্রমন্ত্রী একে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ আবেদনকারী নিজে বা তার দল কোনো আবেদন করেনি, বরং একটি বিদেশি ফার্ম এই উদ্যোগ নিয়েছে। তাছাড়া শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন, সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক দলিল ট্রাইব্যুনালের কাছে নেই। ভারত সরকার কেবল মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে।

চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে জানান, শেখ হাসিনার কখনোই দেশে ফেরার সদিচ্ছা ছিল না। মামলা চলাকালে অথবা রায় প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে তিনি দেশে ফিরে আপিল দায়ের করতে পারতেন। তিনি শেখ হাসিনাকে পরামর্শ দেন, যদি সত্যিই তিনি ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করুন। এটিই আইনসম্মত পথ।

নিজের আত্মীয়স্বজন নিয়ে নিরাপদে দেশ থেকে পালিয়ে গেলেও দলের নিরীহ নেতাকর্মীদের বিপদে রেখে যাওয়ার জন্য তিনি শেখ হাসিনার সমালোচনা করেন। তাকে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানান যা নেতাকর্মীদের আরও সংকটে ফেলে। এছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত বক্তব্যগুলোর সত্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং জানান যে ভার্চুয়াল মাধ্যমে পাওয়া কোনো বক্তব্যই যাচাইযোগ্য নয়। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category