সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যে ধারণা তৈরি করা হচ্ছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, রাতের অন্ধকারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করলেই দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হয়েছে বলা যায় না। বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং শিল্প ও বিনিয়োগের সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত চালাচ্ছে। তবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্য ও দক্ষতার সঙ্গে এসব অপচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা রুখতে গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের মতো গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও নিয়মিত পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে এবং উস্কানি থাকা সত্ত্বেও বাহিনীগুলো সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে।

পরিসংখ্যানের ভুল ব্যাখ্যার বিষয়ে মন্ত্রী বলেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের তুলনায় বর্তমানে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে অরাজকতার চেষ্টাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার ষড়যন্ত্রকারীদের সব তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category