
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে শতাধিক দেশের নেতারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এর আওতায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এ খাতে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন তারা। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে দেশগুলো।
সম্মেলনের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং ভবনে বিদ্যুতায়নের দক্ষতা বৃদ্ধি করা। কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি নিরাপদ ও জ্বালানিসাশ্রয়ী জনপদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নগর বর্জ্য ব্যবস্থাপনায় ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিকভাবে ২০টি জেলায় রিসাইক্লিং ও বর্জ্য কমানোর কাজ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১০০টি জেলায় বিস্তৃত করা হবে। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০ জনেরও বেশি ব্যবসায়ী ও নির্বাহী অংশ নেন। এসময় তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি প্রযুক্তি ও যন্ত্রপাতি উৎপাদনেও দুই দেশ যৌথভাবে কাজ করবে।
অর্থায়নের ক্ষেত্রে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমের জন্য সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোর সহায়তায় গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে।
কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন জানান, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সহজলভ্য ও দ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও জ্বালানিসাশ্রয়ী আবাসন ও নগর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সম্মেলনে বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে।