
দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে সরকার একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর, এই বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল রুটে আধুনিক সেবা নিশ্চিত হবে এবং পণ্য পরিবহণের গতিশীলতা বাড়বে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার প্রথম ধাপ হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে নির্বাচন করা হয়েছে। এই পাইলট প্রকল্পটি ইতিমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
প্রকল্পের অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাটের অংশ বহন করবে বাংলাদেশ সরকার।
রফিকুল ইসলামের ভাষ্যমতে, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১৬ সেট অত্যাধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এ ধরনের ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের প্রয়োজন হবে না, যা ট্রেন চলাচলের সময় ও কার্যক্ষমতা বাড়িয়ে দেবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।
প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডোর। বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনারের মাত্র তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে এটি বছরে ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বৈদ্যুতিক ট্রেন ও আধুনিক পণ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে উঠলে রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
বর্তমানে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইনের নির্মাণকাজ এবং টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রুটের মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে, যা ভবিষ্যতের বৈদ্যুতিক ট্রেন চলাচলের সহায়ক অবকাঠামো তৈরি করবে। এছাড়া জয়দেবপুরে ইএমইউ ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক ডিপো ও ওয়ার্কশপ নির্মাণে নতুন জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।
রেলওয়ে সূত্রমতে, সরকার বর্তমানে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের পরিবর্তে ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ বুলেট ট্রেন নির্মাণে প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান এলাকায় জমি অধিগ্রহণসহ এই ধরনের প্রকল্প বাস্তবায়ন বড় ধরনের চ্যালেঞ্জ। তুলনামূলকভাবে বৈদ্যুতিক ট্রেন প্রকল্পটি অনেক বেশি বাস্তবসম্মত এবং অর্থনৈতিকভাবে লাভজনক বলে মনে করা হচ্ছে।
নতুন এই প্রকল্পের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে বায়ুদূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়েছে রেলওয়ে। রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক স্বীকৃত প্রক্রিয়ায় এই প্রকল্পগুলো থেকে কার্বন ক্রেডিট অর্জনেরও সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নই ভবিষ্যতে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত বিশাল বৈদ্যুতিক রেল নেটওয়ার্কের ভিত্তি হিসেবে কাজ করবে, যা জাতীয় অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এ নেটওয়ার্কের পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে।