সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

গাজায় যুদ্ধবিরতি বলবৎ থাকার মধ্যেই হামাসের সামরিক কমান্ডারদের নিশানা করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, তাদের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস এক হামলায় নিহত হয়েছেন। ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত এই কমান্ডার এর আগে নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। উল্লেখ্য, ‘আবু আতিয়া’ নামে পরিচিত নায়েল আবু ওবেইদ ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, ওই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেড কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল ও হাসপাতালে আশ্রয় নেওয়া যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটির অভিযোগ, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার দাবি আসলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে চালানো অপরাধ আড়াল করার একটি নির্লজ্জ কৌশল। আন্তর্জাতিক আইনের সুরক্ষা থাকা সত্ত্বেও এমন হামলা চালানো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে তারা।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, দখলদার বাহিনীর এই লঙ্ঘন ঠেকাতে এবং যুদ্ধবিরতি কার্যকর নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category