সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় তারা আর আগের অবস্থায় নেই। সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এসব কথা জানান। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। খবর আলজাজিরার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান এখন নিঃশেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র বর্তমানে শুধুমাত্র বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই বর্তমান অবস্থা বজায় রাখার পক্ষে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও জানান, এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযানের কোনো প্রয়োজন তিনি দেখছেন না, তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালাতে প্রস্তুত রয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি দীর্ঘমেয়াদি সমাধান চান বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়া এবং পুরো মধ্যপ্রাচ্যে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ ভুয়া খবর ও কাল্পনিক কথা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে মার্কিন সরকার ইতোমধ্যে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কাল্পনিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ভুয়া তথ্য ও ভিত্তিহীন প্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তাদের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান সংকটের অবসান চান। এই পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করে পেজেশকিয়ান বলেন, ইরান যে কোনো ন্যায্য আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ বা হুমকির মুখে তেহরান কখনও আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর তা দ্রুত আঞ্চলিক স্তরে ছড়িয়ে পড়ে। সামরিক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালালে ইরান কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক এই জলপথ বন্ধ হওয়ায় তেল, গ্যাস ও সার পরিবহণে মারাত্মক সংকট তৈরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। এর জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার প্রধান লক্ষ্য ছিল অঞ্চলটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো। এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category