রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন, তা ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, প্রধানমন্ত্রী তার ভাষণে কোনো নির্দিষ্ট দেশের নাম উচ্চারণ করেননি। গণমাধ্যমে প্রচারিত এমন দাবি সঠিক নয় বলে রোববারের এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে। গত ১৯শে নভেম্বর লালমনিরহাটে দেয়া বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কিছু সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে, তা সঠিক নয়।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার ভাষ্যমতে, আওয়ামী ফ্যাসিস্ট চক্র বর্তমানে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে সহিংসতা চালাচ্ছে, তা আজ বিশ্বব্যাপী দৃশ্যমান। তারা নিজেদের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে। কর্মকর্তার দাবি, তাদের এসব কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তিকে বিদেশের মাটিতে ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করছে। এই ভয়াবহ হুমকি নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ প্রসঙ্গে দেশটির অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের মূল লক্ষ্য। এই সম্পর্ক পারস্পরিক ত্যাগ, ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারত আগ্রহী নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে গিয়েও একটি সন্ত্রাসী গোষ্ঠী অগ্নিসংযোগ ও মানুষ হত্যার নতুন রাজনীতি শুরু করেছে। ১৬ বছর দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে আবারও নাশকতা করছে। তিনি স্পষ্টভাবে বলেন, পেছন থেকে হামলা চালিয়ে তারা নিরীহ মানুষকে হত্যা করছে। জনসভায় উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ন্যায় আবারও ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে হবে। এখন সেই প্রস্তুতির সময় এসেছে। তিনি বলেন, আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category