রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

জয় বাংলা এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ স্লোগানটি বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং ‘জয় বাংলা’ বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দলটির বর্তমান কর্মকাণ্ডের কারণে মানুষ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত থাকায় আওয়ামী লীগকে কার্যত একটি সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ দল হিসেবে দেখা হচ্ছে। তাদের কার্যক্রম বর্তমানে বিক্ষিপ্ত কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দেশের ভেতরে ও বাইরে মানুষ তাদের কর্মকাণ্ডকে কাপুরুষোচিত হিসেবে দেখছে বলেও তিনি জানান।

দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির গত আট মাসের বিভিন্ন কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব অর্জন, আন্তঃসংসদীয় ইউনিয়নের নির্বাচনে জয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোয় আন্তর্জাতিক সমর্থন আদায় বাংলাদেশের বড় সাফল্য। এছাড়া রোহিঙ্গা গণহত্যা ইস্যু এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের বিষয়েও বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান অত্যন্ত শক্তিশালী বলে প্রতিমন্ত্রী দাবি করেন। তিনি জানান, দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতা ক্রমশ শক্তিশালী হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকেই বর্তমান সরকার প্রধান অগ্রাধিকার দিচ্ছে।

সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িঘরে হামলা, কর্মী হত্যা এবং জনমনে ছড়িয়ে পড়া আতঙ্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিএনপি একটি সহনশীল সরকার হিসেবে কাজ করছে। স্বৈরাচারী সরকারের মতো এখানে গণহারে দমন-পীড়ন চালানো হচ্ছে না। একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ডে জড়িত। তিনি জোর দিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না, বরং তারাই এখন আতঙ্কে পালাচ্ছে। তার মতে, বাংলাদেশ সবার জন্য নতুন সুযোগ সৃষ্টি করে উন্নয়নের পথে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category