
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাদের প্রাত্যহিক জীবনে বন্ধু শব্দটির সংজ্ঞাই যেন বদলে দিয়েছে। বর্তমানে আমাদের অনেকের ফ্রেন্ডলিস্টে এমন হাজারো মানুষ যুক্ত রয়েছেন যাদের সঙ্গে বাস্তব জীবনে কোনো পরিচয়ই নেই। কমন ফ্রেন্ডের সূত্র ধরে আসা এসব মানুষ দীর্ঘ সময় আমাদের ভার্চুয়াল তালিকায় ঝুলে থাকেন। এদের অনেকেই কোনো ধরনের যোগাযোগ রাখেন না বা আমাদের যেকোনো সুখে-দুঃখে কোনো ধরনের প্রতিক্রিয়া জানান না। এদের অনেকেই অনেকটা নিস্প্রভ বা জম্বি বন্ধুর মতো হয়ে পড়েছেন। কমন ফ্রেন্ড থাকায় রিকোয়েস্ট এসেছে হয়তো।
প্রকৃতপক্ষে, হাজার হাজার ফেসবুক বন্ধু থাকলেও বিপদে বা প্রয়োজনে এদের খুব কমই পাশে পাওয়া যায়। অন্যদিকে, তালিকায় এমন অনেক বিরক্তিকর মানুষও থাকেন যারা অহেতুক তর্ক-বিতর্ক বা মানসিকভাবে পীড়াদায়ক পোস্ট দিয়ে বিড়ম্বনা তৈরি করেন। এসব টক্সিক মানুষকে সরিয়ে নিজের মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি। আজ ১৭ নভেম্বর ‘আনফ্রেন্ড দিবস’ পালিত হচ্ছে, যা এই ধরনের অদরকারি ব্যক্তিদের নিজের তালিকা থেকে বিদায় জানানোর একটি মোক্ষম সুযোগ।
ব্যক্তিগত জীবনে সরাসরি সম্পর্ক ছিন্ন করা কঠিন হলেও ফেসবুকের ক্ষেত্রে আনফ্রেন্ড বাটনটি খুব কার্যকর। ‘আনফ্রেন্ড’ শব্দটি এখন ইংরেজি ব্যাকরণে একটি স্বীকৃত ক্রিয়াপদ হিসেবে গণ্য হয়, যা ২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিশেষ দিবসটি প্রবর্তনের পেছনে বড় ভূমিকা ছিল মার্কিন কমেডিয়ান ও টিভি শো হোস্ট জিমি কিমেলের। ২০১৪ সালে তিনি প্রথম এই দিবসটির প্রস্তাব করেন, যাতে ব্যবহারকারীরা তাদের সামাজিক মাধ্যমে বাড়তে থাকা অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা ফিল্টার করতে পারেন। ২০১৪ সালে তিনিই সামাজিক মাধ্যমের এই হাজারে-বিজারে বাড়তে থাকা বন্ধুদেরকে ফিল্টার করার জন্য এই দিবসের প্রস্তাব করেন।
আজকের দিনে নিজের ফেসবুক প্রোফাইল নতুন করে সাজিয়ে নিন। যারা আপনার জীবন নিয়ে সিসিটিভির মতো নজরদারি করে বা যেকোনোভাবে ক্ষতির চেষ্টা চালায়, তাদের চিহ্নিত করে সরিয়ে ফেলাই শ্রেয়। মনে রাখবেন, বন্ধুতালিকায় কেবল তারাই থাকা উচিত যাদের সঙ্গে আপনার সত্যিকারের ব্যক্তিগত কিংবা পেশাগত সম্পর্ক বিদ্যমান। এই ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমেই আপনি ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও নিরাপদ করে তুলতে পারেন। বন্ধুতালিকার অর্ধেক মানুষকেই আপনি হয়তো চেনেন না বাস্তবে।