রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, প্রাণে মারার হুমকি সন্ত্রাসীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় গতকাল রোববার মধ্যরাতে এক ব্যক্তির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। জাফর আহমদ নামের ওই বাড়ির মালিক জানান, ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। চাঁদা না দেওয়ায় গতরাতে তাঁর ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলায় ঘরের কাচ ভেঙে গেলেও ভাগ্যক্রমে বাড়ির ভেতর থাকা পরিবারের কেউ হতাহত হননি। তবে তিনিসহ পরিবারের সদস্যরা কক্ষটিতে ছিলেন না।

ভুক্তভোগী জাফর আহমদের ভাষ্যমতে, প্রায় ১০ মাস আগে মোহাম্মদ রায়হান নামের এক ব্যক্তি ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তখন তিনি চিকিৎসার জন্য সস্ত্রীক ভারতে ছিলেন এবং বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। দীর্ঘদিন নীরব থাকার পর গত বুধবার রায়হান পুনরায় ফোন করে চাঁদা দাবি করেন। গুলির ঘটনার পর গতকাল গভীর রাতে তাঁকে আবারও হুমকি দিয়ে রায়হান বলেন, ‘টাকা না দেওয়ায় আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’ ‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’।

ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলে করে আসা চারজনের একটি দল এই হামলা চালিয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্তের কাজ করছে এবং বাড়ির মালিককে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ রায়হান হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি। তিনি পলাতক বিদেশি সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর ব্যবহার করে নগর ও জেলায় চাঁদাবাজি চালিয়ে আসছেন রায়হান। অনেক ক্ষেত্রে চাঁদা না পেয়ে তাঁর সহযোগীরা গুলিও ছুড়ছে। যদিও রায়হান দাবি করেছেন, তাঁর নাম ভাঙিয়ে কিছু ছিঁচকে সন্ত্রাসী চাঁদা তুলছে। পুলিশের ধারণা, স্থানীয় পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে ভালো জ্ঞান থাকায় এবং অপরাধের দীর্ঘ অভিজ্ঞতা থাকায় এই সন্ত্রাসী বারবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের অবস্থান গোপন রাখতে সক্ষম হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category