রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সৈয়দপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর বাবার মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়ার বাসিন্দা ছিলেন। তার মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় সুপ্তি গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুপ্তির মা একই বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল। পথিমধ্যে ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলসহ চালককে বাসটি প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের প্রাণহানি ঘটে এবং তার মেয়ে মারাত্মক জখম হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম কারণ। তারা ঘাতক বাসচালকের দ্রুত গ্রেপ্তার, ব্যস্ত সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরের ব্যানার অপসারণের দাবি জানান। এই অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোরালো আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এরপরই ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category