
কৃষিজমির পরিমাণ কমে যাওয়া এবং খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নতুন ধারার চাষাবাদ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের কৃষকরা এখন ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতি ব্যবহার করে একই জমিতে একাধিক ফসল ফলাচ্ছেন, যা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। মঙ্গলবার ১৭ নভেম্বর সরেজমিনে দেখা যায়, মাচা তৈরির মাধ্যমে ওপরের অংশে শিম এবং নিচের অংশে আদা চাষ করছেন স্থানীয়রা। এই পদ্ধতিতে বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা চাষ করেছেন। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা।
একই জমিতে দ্বৈত ফসল চাষের সুফল সম্পর্কে কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, এই পদ্ধতির মাধ্যমে তারা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হয়ে গেলেও জমিতে আদা থেকে যাওয়ায় একটি ফসল তোলার পরও অন্য ফসল থেকে বাড়তি আয়ের সুযোগ থাকছে। কৃষকদের এই প্রচেষ্টাকে সফল করতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে তারা ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।
বর্তমানে উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে শিম ও আদার পাশাপাশি শিমের সাথে করলা এবং বরবটির সাথে শিম চাষ করা হচ্ছে। এছাড়া প্রায় ৮ হেক্টর জমিতে ক্রমিক পদ্ধতিতে আলুর সাথে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সাথে ঝিঙা চাষাবাদ চলছে। পরিকল্পিতভাবে এই ধরণের সমন্বিত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করা সম্ভব হলে একদিকে যেমন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকের উৎপাদন ও আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা।