
যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের এক র্যানসমওয়্যার অপরাধী দল। বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই হামলার ফলে গ্রাহকদের নাম এবং ই-মেইল ঠিকানা চুরি হয়ে থাকতে পারে। হ্যাকার দলটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এবং রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্য রয়েছে।
সাইবার নিরাপত্তা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান সোকরাডার জানিয়েছে, এনজিরোএন নামের অপরাধী গোষ্ঠীটি ডার্ক ওয়েবে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আক্রমণের দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে চেজ, ভিসা এবং মাস্টারকার্ডের নেটওয়ার্কে এই হামলা চালানো হয়। কাকতালীয়ভাবে একই দিনে জেপি মরগান চেজসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি বড় ধরনের সিস্টেম বিভ্রাটের সম্মুখীন হয়েছিল।
জেপি মরগান চেজ জানিয়েছে, আক্রমণটির মূল লক্ষ্য ছিল তাদের একটি তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠান, যাদের কাছে ব্যাংকের মার্কেটিং সংক্রান্ত তথ্য ব্যবহারের অনুমতি ছিল। তবে এই সাইবার হামলাটি গত সপ্তাহ ধরে চলতে থাকা বিভিন্ন ব্যাংক, প্রযুক্তিপ্রতিষ্ঠান ও ফেডারেল সংস্থার বৈশ্বিক বিভ্রাটের সঙ্গে যুক্ত নয় বলে ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সাইবারনিউজ দাবি করেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভিসা ব্যবহারকারীদের পুরো নাম, ব্যক্তিগত ই-মেইল ও মুঠোফোন নম্বর হ্যাকারদের হাতে এসেছে। এছাড়া জেপি মরগান চেজেরও হাজার হাজার গ্রাহকের ই-মেইল ঠিকানা চুরি করা হয়েছে। ডার্ক ওয়েবে এসব সংবেদনশীল তথ্য ফাঁস করার আগে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুক্তিপণ পরিশোধের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল এনজিরোএন।