
মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের মালিকের বাড়ি এলাকা থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ সকাল থেকেই তারা দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে এক জায়গায় সরিয়ে দিলে শ্রমিকেরা অন্য এলাকায় গিয়ে পুনরায় অবরোধ সৃষ্টি করেন। এদিন সকালে কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভের এক পর্যায়ে হারিকেন ফ্যাক্টরি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এছাড়া বেশ কিছু যানবাহনে চালানো হয় ভাঙচুর। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। শ্রমিক অসন্তোষের মুখে আজ গাছা ও বাসন সড়ক এলাকার বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসাথে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।