রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

আশুলিয়া-সাভারে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে আতঙ্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কারখানায় কাজে যোগ দেওয়ার পরপরই পোশাক শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি দিয়ে রাস্তায় বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিনভর থমথমে অবস্থা বিরাজ করে।

সকাল ৯টার পর থেকেই শিল্পাঞ্চলের চিত্র নাটকীয়ভাবে বদলে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শ্রমিকেরা প্রথম কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক ধরে মিছিল নিয়ে পার্শ্ববর্তী কারখানাগুলোর সামনে গিয়ে শ্রমিকদের বাইরে আসার আহ্বান জানান। একই চিত্র দেখা গেছে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকায়। সেখানে শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিক আন্দোলনের আড়ালে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা শ্রমিকদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটলে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খল বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category