রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

মহিলা সমিতিতে ‘দেওয়ান গাজীর কিসসা’ প্রদর্শনী বাতিল নিয়ে জটিলতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

নাট্যদল প্রাঙ্গণেমোর অভিযোগ করেছে, ১৯ ও ২০ নভেম্বর মহিলা সমিতিতে তাদের নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের জন্য ১ নভেম্বর হল ভাড়া পরিশোধ করা সত্ত্বেও প্রদর্শনীর আগমুহূর্তে বরাদ্দ বাতিল করা হয়েছে। তাদের ভাষ্যমতে, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

নাগরিক নাট্য সম্প্রদায় জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেওয়ায় তারা শুরুতেই আপত্তি জানিয়েছিল। তবে পরে প্রাঙ্গণেমোরের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা নাটকটি মঞ্চায়নের জন্য লিখিত অনুমতি প্রদান করে। তারা দাবি করেছে, এই অনুমতিপত্রসহ বিষয়টি প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতিকে অবহিত করা হয়েছিল।

মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান জানিয়েছেন, নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তির কারণেই মূলত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বরাদ্দ বাতিলের পর তারা অনুমতির বিষয়টি অবহিত হয়েছিল, কিন্তু ততক্ষণে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সময় পেরিয়ে গিয়েছিল।

বরাদ্দ পুনর্বহাল না হওয়ার কারণ ব্যাখ্যা করে তামান্না রহমান জানান, মিলনায়তন বরাদ্দের জন্য দুটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে বরাদ্দ কমিটি সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে তা নির্বাহী কমিটিতে অনুমোদিত হয়। যেহেতু স্বল্প সময়ের মধ্যে পুনরায় সভা করা সম্ভব ছিল না, তাই বরাদ্দ পুনর্বহাল করা যায়নি। এ কারণে প্রাঙ্গণেমোরকে জানানো হয়েছে, এত অল্প সময়ে সভা আয়োজন করে বরাদ্দ পুনর্বহাল করা যাচ্ছে না।

আসাদুজ্জামান নূরের রূপান্তর করা ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি ১৯৭৭ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় প্রথমবার মঞ্চে আসে। প্রাঙ্গণেমোরের দাবি, ২০২৪ সালের শুরুর দিকে আসাদুজ্জামান নূরের কাছ থেকে তারা নাটকটির মৌখিক অনুমতি নিয়েছিল। পরবর্তীতে ১৭ নভেম্বর তাঁর পরিবারের কাছ থেকে লিখিত অনুমতিপত্র পেয়ে তা মহিলা সমিতিতে জমা দেওয়া হয়। ব্রের্টল্ড ব্রেখটের গল্প থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর।

নাট্যদলটির ভাষ্য, এই ঘটনায় আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন তারা, কারণ অনেক দর্শক আগে থেকেই টিকিট বুক করেছিলেন। এর আগেও ১৮ নভেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তন বরাদ্দ পাওয়ার পর তা বাতিল করা হয়েছিল। এরপরও হল বরাদ্দ বহাল রাখা হয়নি বলে অভিযোগ নাট্যদলটির। শেষ মুহূর্তে প্রদর্শনী বাতিল হওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।’।

নাগরিক নাট্য সম্প্রদায় তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা প্রাঙ্গণেমোরকে নাটকটি মঞ্চায়নে সহযোগিতার অনুরোধ জানিয়েছে এবং এতে তাদের দায়ী করার কোনো অবকাশ নেই।

তবে ভবিষ্যতে পুনরায় হল বরাদ্দ দেওয়া হবে কি না, সে বিষয়ে তামান্না রহমান নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, নতুন আবেদন এলে তা আবার বরাদ্দ কমিটি ও নির্বাহী কমিটির সভায় পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category