সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কল্যাণপুরে বকেয়া টাকা নিয়ে বিরোধে প্রাণ হারালেন চা দোকানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

রাজধানীর কল্যাণপুর নতুন বাজারে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত জুয়েল (৩২) ওই এলাকারই বাসিন্দা ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ইব্রাহীম জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, কয়েক হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও মারামারিতে। অভিযোগ রয়েছে, এই ঝগড়ার এক পর্যায়ে ইব্রাহীম চা দোকানি জুয়েলকে সজোরে ঘুসি মারেন। এতে জুয়েল মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই উপস্থিত লোকজন ইব্রাহীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত ইব্রাহীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category