সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমবায় সমিতির মালিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে দুটি সমবায় সমিতির মালিকপক্ষ। উপজেলার সয়া বাজার এলাকায় অবস্থিত ‘ঋণদান একতা’ এবং ‘গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামের প্রতিষ্ঠান দুটির পরিচালকরা রাতের আঁধারে অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধনবাড়ী ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাজারো গ্রাহক এখন সর্বস্বান্ত।

ঘটনাস্থল সরেজমিনে দেখা গেছে, সমিতি দুটির কার্যালয় এখন তালাবদ্ধ। ভুক্তভোগীরা জানিয়েছেন, ভবনের সামনে পিতল দিয়ে খোদাই করা বড় সাইনবোর্ড টাঙিয়ে তারা সাধারণ মানুষকে আকৃষ্ট করত। সরকারি নিয়ম উপেক্ষা করে কর্ম এলাকার বাইরে থেকেও তারা সদস্য সংগ্রহ করত এবং উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরিষাবাড়ীর পঞ্চাশী গ্রামের শফিকুল ইসলাম জানান, প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ টাকা লাভের প্রলোভনে তিনি জমি বিক্রি করে ২০ লাখ ২৭ হাজার টাকা এফডিআর করেছিলেন। সমবায় দপ্তরের তদারকির ঘাটতি বা তাদের যোগসাজশেই এমন ভয়াবহ প্রতারণা সম্ভব হয়েছে বলে অভিযোগ তার।

প্রতারণার শিকার অন্যান্য গ্রাহকদের মধ্যে রয়েছেন লাইলী খাতুন (২৭ লাখ টাকা), ইসিনা খাতুন (৫ লাখ টাকা), জুলহাস উদ্দিন (৪ লাখ টাকা) এবং কল্পনা বেগম (১৫ লাখ টাকা)। অন্যদিকে, ঋণদান একতা সমিতির আব্দুল মোতালিব ৫৩ লাখ টাকা জমা রেখে এখন দিশেহারা। এছাড়া সখিনা ৫ লাখ, জহুরা বেগম ৪ লাখ, গোলজার হোসেন ৩ লাখ ও মর্জিনা খাতুন ১ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সব মিলিয়ে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাতের দাবি করেছেন ভুক্তভোগীরা। গত শুক্রবার বিকেলেই সয়া বাজার এলাকায় আমানত ফেরত ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে গ্রামীণ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল লতিফ এবং একতা সমবায় সমিতির পরিচালক রফিকুল ইসলাম রফিকের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়। ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া জানিয়েছেন, প্রতিষ্ঠান দুটি নিবন্ধিত হলেও হিসাবসংক্রান্ত জটিলতার কারণে গত বছর পরিদর্শনে সমস্যা ছিল, যে বিষয়ে জেলা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে দাপ্তরিক পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই প্রশাসন তৎপর হয়েছে। উপজেলার সকল সমবায় ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া মাত্রই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category