
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধনী দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। মন্ত্রী জানান, আইএমএফের এই কর্মসূচি নিয়ে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আশা করা হচ্ছে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তাদের কার্যক্রম সম্পন্ন হবে।
আইএমএফের শর্তের কারণে সরকার কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার আমলে নেওয়া অনেক শর্ত বর্তমান নির্বাচিত সরকারের জন্য বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। হুট করে কঠোর কোনো সিদ্ধান্ত নিলে দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় এ ক্ষেত্রে সময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’।
তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বর্তমানে বড় ধরনের পরিবর্তন এসেছে। আমাদের অর্থনৈতিক কাঠামোকে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ করে গড়ে তুলতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সাথে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার মতো সংস্থাগুলোও এখন সমন্বয় করছে। আইএমএফও একইভাবে আমাদের উন্নয়ন কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে।