
গত কয়েকদিনের অস্থিরতা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
এর আগে বুধবার জেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেয়ার পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাও নজরে এসেছে। এসবের মাঝে শহরের বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উচ্চশব্দে বাজানো হচ্ছে। বুধবারের ঘটনার পর থেকে সড়কে লোকসমাগমও বেশ কম দেখা যাচ্ছে।
এদিকে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সদরের কোথাও বড় ধরনের মিছিল বা অবরোধের দৃশ্য দেখা না গেলেও, স্থানীয় নেতা-কর্মীদের দাবি সকাল ১০টার পর থেকে এই কর্মসূচি আরও বিস্তৃত হবে। তারা দাবি করছেন, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী বাধা না দিলে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পরিচালিত হবে। সকাল থেকেই এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি থমথমে ভাব বিরাজ করছে।