
সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের পর মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনের নাম অনুমোদন করে। মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন। সেখান থেকে যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।