সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ হচ্ছে শনিবার

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১১ Time View

ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ হচ্ছে শনিবার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬ তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানমালা শনিবার শেষ হচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রতিদিনই ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও কীর্তন।

গতকাল শুক্রবার দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকেই শ্রীধাম শ্রীঅঙ্গন এলাকায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের আগমনে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়।

শুধু ফরিদপুর শহর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও অসংখ্য ভক্ত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাত গভীর হওয়া সত্ত্বেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত প্রায় ১২টা ২০ মিনিটেও অনেক ভক্তকে প্রসাদ গ্রহণ ও কীর্তন উপভোগ করতে দেখা যায়।

উৎসবকে ঘিরে পার্শ্ববর্তী মহিম স্কুল মাঠে বসেছে মেলা। সেখানে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, এ বছর মেলায় বেচাকেনা বেশ ভালো হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিন শনিবার প্রভু জগদ্বন্ধুসুন্দরের ভোগ আরাধনা, নগর কীর্তন, উৎসবের পূর্ণাহুতি ও ফুলদোল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৭টায় একটি র‍্যালি বের করা হবে, যা শহর প্রদক্ষিণ শেষে আবার সূচনা স্থানে ফিরে আসবে।

 

উল্লেখ্য, শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরই এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে এবং এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category