বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লার বিরুদ্ধে।

অভিযুক্ত ইউনুস মোল্লা উপজেলার চরযশোরদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়বাংলা মোড় এলাকায় মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে সম্প্রতি দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, এসব জায়গা ঢাকা-খুলনা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অংশ। দলীয় প্রভাব খাটিয়ে ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির বিষয়ে অভিযুক্তদের কাছে কোনো বৈধ দলিল বা মালিকানার কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করা হলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনুস মোল্লা বলেন, “শুধু আমি একা না, আমার মতো আরও অনেকে ওই জায়গায় স্থাপনা করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জায়গাটি যেহেতু সরকারি, সরকার চাইলে যেকোনো সময় নিয়ে নিতে পারে—এতে আমার কোনো আপত্তি নেই।”

এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত তদন্ত করে সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category