
কানাইপুরে শিশু রামিসা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুর বাস স্ট্যান্ডে শিশু রামিসা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কানাইপুর এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক দেলোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন মাওলানা হাসান, আপন খন্দকার, হাসান রেজা, মাওলানা মাহবুব কবীর, মো. জাহিদ শেখ ও সানজাউর রহমতসহ আরও অনেকে।
বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।