
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।
গত সোমবার (৯ নভেম্বর) চালানো এই হামলার ফলে পাইপলাইনের একটি অংশে সীমিত আকারে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কারা বা কোন গোষ্ঠী এই নাশকতার পেছনে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কেউ আহত বা নিহত হননি।
প্রায় এক হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ৭৪৫ মাইল দীর্ঘ এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চল জুড়ে বিস্তৃত। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য এটি সৌদির কাছে অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। বর্তমানে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় এই পাইপলাইনের গুরুত্ব আরো বেড়েছে। রিয়াদ প্রতিদিন এই পাইপলাইন দিয়ে প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
এর আগে বিভিন্ন সময় এই পাইপলাইনটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরেও একবার ড্রোন হামলার কারণে পাইপলাইনটি কয়েক দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল, যা ইরাক থেকে চালানো হয়েছিল বলে দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অতীতে সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বারবার হামলা চালিয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান সমর্থিত হুথিদের সংঘাত আরও ঘনীভূত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে।