
চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে।
কেন্দ্রটির পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং-এর তথ্যমতে, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের চাহিদাকে সফলভাবে পূরণ করছে।
প্রকল্পটির মোট উৎপাদন ক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট। পরিচালনাকারীদের হিসাব অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এখান থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টিতে বিস্তৃত এই বিদ্যুৎকেন্দ্রটি জিনশা নদীর নিম্ন অববাহিকায় অবস্থিত চারটি বড় প্রকল্পের একটি। এর উজানে ১৮২ কিলোমিটার দূরে রয়েছে উডংদে জলবিদ্যুৎকেন্দ্র এবং ১৯৫ কিলোমিটার উজানে অবস্থিত জিলুওদু জলবিদ্যুৎকেন্দ্র। মূলত নদীর প্রবাহ আটকে রাখার বাঁধ, পানি সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জটিল অবকাঠামো নিয়ে গঠিত এই প্রকল্পটি বছরে গড়ে ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হচ্ছে। এর ভিত্তিতে একটি কুশন স্ল্যাব ও দুটি সহায়ক বাঁধ রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের বৃহৎ জলবিদ্যুৎকেন্দ্র দূরবর্তী বিদ্যুৎ চাহিদাসম্পন্ন অঞ্চলে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
প্রকল্পটির বাঁধটি কংক্রিটের তৈরি একটি দ্বিবক্র আর্চ ড্যাম, যার চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। বাঁধের নিয়ন্ত্রণাধীন অববাহিকার আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার, যা জিনশা নদীর অববাহিকার প্রায় ৯১ শতাংশ। এর বিশাল জলাধারের মোট ধারণক্ষমতা দুই হাজার কোটি ঘনমিটার। এর মধ্যে এক হাজার কোটি ঘনমিটার পানি সংরক্ষণ এবং ৭৫০ কোটি ঘনমিটার বন্যানিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এই বাঁধ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নৌ চলাচল এবং স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর বন্যানিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এই শিলা শক্ত ও ভঙ্গুর, পাশাপাশি এতে প্রচুর ফাটল রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটির অবকাঠামোয় ছয়টি উপরিভাগের পথ, সাতটি গভীর নিষ্কাশনপথ এবং বাঁ তীরে তিনটি অতিরিক্ত সুড়ঙ্গ রাখা হয়েছে। নদীর দুই তীরে সমন্বিতভাবে নির্মিত এই ভূগর্ভস্থ কেন্দ্রে মোট ১৬টি ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট রয়েছে, যার প্রতিটির সক্ষমতা এক হাজার মেগাওয়াট। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র হিসেবে স্বীকৃত, যেখানে বর্তমানে প্রায় ৪০০ কর্মী নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
প্রকৃতি ও ভূতাত্ত্বিক প্রতিকূলতার চ্যালেঞ্জ জয় করে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের এলাকাটি ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো উপত্যকায় অবস্থিত, যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এবং বাতাসের গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া প্রথমবারের মতো স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলার ওপর এর ভিত্তি নির্মাণ করতে হয়েছে, যা অত্যন্ত ভঙ্গুর হওয়ার কারণে এর স্থিতিশীলতা নিশ্চিত করা ছিল এক বড় চ্যালেঞ্জ। ফলে প্রকল্পের পরিকল্পনা ও অবকাঠামোর বিন্যাস করা ছিল অত্যন্ত কঠিন।
ভূগর্ভস্থ বিশাল কক্ষগুলোর বিস্তৃতি এবং আশপাশের শিলাস্তরের স্থায়িত্ব বজায় রাখা এই প্রকল্পের অন্যতম বড় নির্মাণ কৌশল ছিল। অধিকন্তু, প্রকল্প এলাকায় ভূমিধস, পাহাড়ি ঢল এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর নকশা ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি করিডর হিসেবে পরিচিত এই কেন্দ্রটিকে চীন তাদের কার্বন নিঃসরণ কমানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অন্যতম প্রতীক হিসেবে তুলে ধরছে।