
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানে করে দেশে ফেরানোর একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারত সরকার। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে নয়াদিল্লি দুটি প্রধান শর্ত সামনে রেখেছে। এর মধ্যে প্রথমটি হলো, তাকে ফিরিয়ে নেয়ার পুরো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে অনুষ্ঠানের নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি, দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টিও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিশ্চিত করতে হবে বলে ভারত প্রত্যাশা করছে। বৃহস্পতিবার ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেন। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তিনি ভারতেই অবস্থান করছেন। ইতিমধ্যে বাংলাদেশের আদালত তাকে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে রয়টার্সের কাছে হাসিনা জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরেই তিনি দেশে ফিরতে আগ্রহী। যদিও তখন থেকে এখন পর্যন্ত তার ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। নয়াদিল্লির পক্ষ থেকেও তার প্রত্যাবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিসেম্বরে করা প্রত্যর্পণের অনুরোধটিও এখন পর্যন্ত অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রাখায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এরপর দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দীর্ঘদিনের ভারত অবস্থান নয়াদিল্লির জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরেও আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়টি নিয়ে ভারতের ওপর চাপ বাড়ছে। তাই বিতর্ক এড়াতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোকেই বর্তমান বাস্তবতায় সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছে ভারত। এর পেছনে রাজনৈতিক মেরুকরণের হিসাবও কাজ করছে, যেখানে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হাসিনার দেশে ফেরা জরুরি বলে মনে করা হচ্ছে।
বিবিসির তথ্যমতে, ভারত সরকার বিদেশি নাগরিকদের নিয়ে নিয়মিত যে ব্রিফিং বা অবহিতকরণ বৈঠক করে, সেখানে হাসিনার সাথেও ভারতের অবস্থান ও মনোভাব নিয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষের বোঝাপড়ার পরই তিনি ডিসেম্বর মাসে ফেরার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যদি বিশেষ বিমান পাঠিয়ে অথবা দুই দেশের সম্মত কোনো সীমান্তে তাকে গ্রহণ করে, তবে ভারত সব ধরনের লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তবে ভারত সরকার তাদের এই উদ্যোগে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্ক ও যোগাযোগকে কাজে লাগাতে চাচ্ছে। এ বিষয়ে অক্টোবরের শুরুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের অঘোষিত সফর এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে তার বৈঠকের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ পরিস্থিতি ছাড়া ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের দূতের এমন বৈঠকের ঘটনা সচরাচর ঘটে না। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেসহ অন্যান্য কর্মকর্তারাও এর আগে জানিয়েছিলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগেও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। সেই সামরিক চ্যানেলের মাধ্যমেই এই প্রত্যাবর্তনের বিষয়টি সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টি আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। বিবিসি বাংলার প্রতিবেদনে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, তারা চান না যে হাসিনাকে দেশে পাঠিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা হচ্ছে এমন কোনো বার্তা ছড়াক। বরং বিষয়টি এমনভাবে পরিচালনা করতে চায় ভারত, যাতে পুরো প্রক্রিয়াটি বিশ্ব গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণে থাকে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, তারা কাউকে ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারেন না, বরং নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক, সেটিও চায় ভারত।
সবশেষে, হাসিনার নিরাপত্তার বিষয়টিও দিল্লির জন্য উদ্বেগের কারণ। বর্তমানে তার নিরাপত্তা ভারতের ওপর ন্যস্ত থাকায়, বাংলাদেশে ফেরার পর তার জীবন ও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেই চায় নয়াদিল্লি। এই শর্তগুলো পূরণ হলে হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যর্থ চেষ্টার চেয়ে বাংলাদেশে ফেরত পাঠানোই ভারতের জন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সুবিধাজনক পথ হবে বলে মনে করছে দিল্লি। এ নিয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনাও চলছে।