
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক এ বিষয়ে মন্তব্য করেন। সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে যেকোনো ধরণের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
সাংবাদিক তার প্রশ্নে উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগ সমর্থকরা গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় হামলা চালিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ কি এটিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে, এমন প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, আমরা মনে করি সব ধরণের সহিংসতার ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। কোনো পরিস্থিতিতেই সহিংসতা কাম্য নয় এবং প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ উপায়ে।
ব্রিফিংয়ে সাংবাদিক সম্পূরক প্রশ্নে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। ইমরান খান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং বিচারকের কাছে দেয়া চিঠিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বলে জানানো হয়। এছাড়া, অক্টোবরের শুরুতে জাতিসংঘের মহাসচিবের পাকিস্তান সফর এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে ফারহান হক জানান, মহাসচিবের পাকিস্তান সফরের বিস্তারিত বিবরণ ও বৈঠকের বিষয়বস্তু আগেই প্রকাশ করা হয়েছে। তবে ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং তার স্বাস্থ্যের বিষয়ে যে উদ্বেগের কথা জানানো হয়েছে তা গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।