
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামী বৃহস্পতিবারের ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, এই লকডাউনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে দলটি। এখন পর্যন্ত দেশের অন্তত ২১টি জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে কেন্দ্র করে দলটি সক্রিয় হয়ে উঠেছে এবং হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণসহ বাস ও ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, যার পেছনে দলটির নেতাদের সরাসরি নির্দেশনার অডিও রেকর্ডও পাওয়া গেছে। সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে। নিয়মিত বৈঠক করে মাঠ পর্যায়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার কথা বলা হয়েছে।
তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে পারস্পরিক যোগাযোগ রক্ষা করছেন। ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে থাকা বড় একটি অংশ সম্প্রতি ভারতের কলকাতায় একত্রিত হয়ে বাংলাদেশে নাশকতার ছক কষছেন। কলকাতা থেকে এরই মধ্যে অনেক নেতাকর্মী বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে অভিযোগ রয়েছে। মূলত ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা এই পরিকল্পনা সাজিয়েছেন, যার অংশ হিসেবে লকডাউন ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নাশকতার পরিকল্পনা সীমান্তবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেছেন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারি স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক কার্যালয় ও বাড়িতে হামলার প্রস্তুতি নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে চোরাই পথে দেশে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আনার তথ্যও মিলেছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে, যা বড় ধরনের নাশকতার প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের গেটে সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে আগুনের ঘটনা ঘটে। তুরাগ থানা সূত্রে জানা যায়, মাস্ক পরা দুই ব্যক্তি অফিসের বাইরের স্টিলের গেটে আগুন ধরিয়ে দেয়। গেটটি ধাতব হওয়ার কারণে আগুন ছড়াতে পারেনি এবং দ্রুত নিভে যায়। কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।