
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় অবস্থিত বিআরটিসি বাস টার্মিনালে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তীব্র শব্দের মধ্য দিয়ে শুরু হওয়া এই হামলায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর চেষ্টাকালে পাশে থাকা আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, মধ্যরাতে পেট্রোল বোমার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই নাশকতার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।